ট্যুরিস্ট ভিসায় স্পেনে যেতে চান? জেনে নিন কি কি করতে হবে
ট্যুরিস্ট ভিসায় ইউরোপের বেশিরভাগ দেশে যেতে যে নিয়ম, স্পেনের ক্ষেত্রেও নিয়মগুলো প্রায় একই রকম। ইউরোপের একটি দেশের ভিসা পেলে মোট ২৬টি দেশে ভ্রমণ করা যায় ঐ এক ভিসা দিয়েই। এটাকে বলে ‘সেনজেন ভিসা’। আর যে ২৬টি দেশ ভ্রমণ করা যায়, সে দেশগুলোকে বলে ‘সেনজেন কান্ট্রি’। যাই হোক, স্পেনে ট্যুরিস্ট ভিসায় যেতে হলে দূতাবাসে ভিসার আবেদনের সাথে যা যা জমা দিতে হবে তার তালিকা তুলে ধরা হলো-
পাসপোর্ট। যতদিনের ভিসার জন্য আবেদন করবেন, তারপরও কমপক্ষে ৬ মাস মেয়াদ আছ এমন পাসপোর্ট জমা দিতে হবে। এর সাথে সাথে আগের মেয়াদোত্তীর্ণ কোন পাসপোর্ট থাকলে সেটাও জমা দিতে হবে। পাসপোর্টের যে পেজে আপনার বিস্তারিত তথ্য আছে তার স্পষ্ট ফটোকপি দিতে হবে। এর আগে যেসব সেনজেন কান্ট্র্রিতে ভ্রমণ করেছেন এবং যুক্তরাজ্য, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে যদি ভ্রমণ করে থাকেন তাহলে সেগুলোর ভিসার স্পষ্ট ফটোকপি জমা দিতে হবে। এমনকি, আগে কোন দেশের বিশেষ করে সেনজেন কান্ট্রির ভিসার জন্য আবেদন করে রিফিউজড বা প্রত্যাখ্যাত হয়ে থাকলে সেটার সিল যেখানে আছে তারও ফটোকপি দিতে হবে। আপনি বর্তমানে যে পাসপোর্ট ব্যবহার করছেন তার আগের পাসপোর্ট যদি হারিয়ে গিয়ে থাকে তবে ইংরেজিতে সেটার জিডির কপি জমা দিতে হবে।
একটি সেনজেন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনকারীকে কালো অথবা নীল রং এর বল পয়েন্ট কলমের মাধ্যমে ক্যাপিটাল বা বড় অক্ষরে ফরমটি পূরণ করতে হবে। একটা ভিসা ফরম পূরণ করার পর সেটার একটা ফটোকপি করতে হবে। ফরমে আবেদনকারীর সাথে যোগাযোগের ঠিকানা (মেইল এড্রেস) এবং ফোন নম্বর স্পষ্ট করে লিখতে হবে।
দুটি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবি লাগবে। ছবির সাইজ হবে ৩৫ মিমি*৪৫ মিমি। ছবিতে পুরো ফেস বা মুখ আসতে হবে। কোন ধরণের চশমা, মাথায় কোন কাপড় থাকতে পারবে না এবং ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এই দুটি ছবি পূরণ ;করা দুটি ফরমের উপরে ডানপাশে পেস্ট করে বা সাটিয়ে দিতে হবে।
কাভার লেটার। ভিসার জন্য যিনি আবেদন করবেন তাকে একটা কাভার লেটার জমা দিতে হবে। সেই লেটারে আবেদনকারী তার ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন। স্পেন দূতাবাসকে উদ্দেশ্য করে লেখা কাভার লেটারটি স্প্যানিশ ভাষায় অনুবাদ করে দিতে হবে অথবা সরাসরি স্প্যানি ভাষায় লিখতে হবে।
ফ্লাইট বুকিং। আপনি যতদিন স্পেন বা ইউরোপে থাকবেন ততদিন যেখানে যেখানে যাবেন তার সবগুলোরই ফ্লাইট বুকিং এর কপি জমা দিতে হবে।
হোটেল কমফার্মেশন। স্পেনে থাকার জন্য হোটেল বুকিং দিয়ে তার কনফার্মেশন লেটার জমা দিতে হবে। আবেদনকারীর উদ্দেশ্য যদি হয় কোন বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে দেখা করা এবং হোস্ট (যিনি ইনভাইট করেছেন) যদি হয় স্প্যানিশ বা ইউরোপিয়ান নাগরিক, তাহলে মূল ইনভাইটেশন লেটার জমা দিতে হবে। সেই ইনভাইটেশন লেটারটি স্প্যানিশ পুলিশের সামনে তৈরি হতে হবে। এছাড়া যিনি ইনভাইট করেছেন তার পাসপোর্ট বা ন্যাশনাল আইডেনটিটি কার্ডের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আর হোস্ট যদি ইউরোপিয়ান নাগরিক না হন, তাহলে ইনভাইটেশন লেটারের সাথে তার রেসিডেন্স পারমিট এর কপি সংযুক্ত করতে হবে এবং এটা স্প্যানিশ পুলিশের সামনেই করতে হবে।
ট্রাভেল ইন্স্যুরেন্স। ভিসার জন্য আবেদনকারীকে অবশ্যই কমপক্ষে ৩০ হাজার ইউরোর ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে। ইন্স্যুরেন্স এর আসল কপি এবং ফটোকপি জমা দিতে হবে। ইন্স্যুরেন্সে অবশ্যই ভ্রমণকালীন সব ধরণের অসুস্থতা, জরুরী চিকিৎসা সেবা বা হাসপাতালে ভর্তি এবং জরুরী ভিত্তিতে দেশে ফিরিয়ে নেয়ার বিষয়গুলো স্পষ্ট উল্লেখ থাকতে হবে। ইন্স্যুরেন্স অবশ্যই বাংলাদেশ থেকে গিয়ে সেনজেন কান্ট্রিগুলো ভ্রমণ এবং বাংলাদেশে ফিরে আসার সময় পর্যন্ত কাভার করবে। স্প্যানিশ দূতাবাসের তালিকাভুক্ত ইন্স্যুরেন্স কোম্পানী থেকে ইন্সুরেন্স করতে হবে।
আবেদনকারীকে অবশ্যই তার আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে। আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে যা যা কাগজপত্র জমা দিতে হবে সেটার সিদ্ধান্ত আবেদনকারীই নিতে পারবেন। সবগুলো ডকুমেন্ট স্প্যানিশ ভাষায় অনুদিত হতে হবে। এসবের মধ্যে আছে ব্যাংক স্টেটমেন্ট, এফডিআর, সরকারি সঞ্চয়পত্র, আর্থিক প্রতিষ্ঠানের কাগজপত্র, বাড়ি বা জমির মালিকানার প্রমাণপত্র ইত্যাদি। ভ্রমণকারীর সব খরচ যদি কোন কোম্পানী বা প্রতিষ্ঠান বহন করে, সেক্ষেত্রেও এসব কাগজপত্র জমা দিতে হবে। ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছে।
শেষ ৩ মাসের অরিজিনাল বা আসল ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংক ব্যাংক ম্যানেজার কর্তৃক সাক্ষরিত হতে হবে এবং এর সাথে সিল বা স্ট্যাম্প থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্ট কোনভাবেই ৩ মাসের চেয়ে পুরনো হতে পারবে না।
স্প্যানিশ ভাষায় অনুদিত শেষ এক বছরের ইনকাম ট্যাক্স রিটার্নস এর কপি দিতে হবে।
শেষ ৬ মাসের স্যালারি (বেতন) স্লিপ এবং ভিসা আবেদনকারীর নিয়োগদাতার কাছ থেকে নেয়া লিভ লেটার বা ছুটির চিঠি নিয়ে জমা দিতে হবে। এসব কাগজপত্র স্প্যানিশ ভাষায় অনুবাদ করে দিতে হবে।
শেষ ৬ মাসের স্যালারি (বেতন) স্লিপ এবং ভিসা আবেদনকারীর নিয়োগদাতার কাছ থেকে নেয়া লিভ লেটার বা ছুটির চিঠি নিয়ে জমা দিতে হবে। এসব কাগজপত্র স্প্যানিশ ভাষায় অনুবাদ করে দিতে হবে।
ভিসা আবেদনকারী যদি কোন কোম্পানী বা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধীকারী হন, তাহলে ঐ কোম্পানী বা প্রতিষ্ঠানের সার্টিফিকেট অফ ইনকরপোরেশন এবং মেমোরেন্ডাম বা ট্রেড লাইসেন্স স্প্যানিশ ভাষায় অনুবাদ করে দিতে হবে।
যারা পরিবার নিয়ে ভ্রমণের জন্য ভিসার আবেদন করবেন তাদের অবশ্যই মূল আবেদনকারীর সাথে পরিবারের সদস্যদের সম্পর্কের প্রমাণ দাখিল করতে হবে। যেমন, বিবাহিত হতে ম্যারেজ সার্টিফিকেট এবং শিশু বা সন্তানের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ জমা দিতে হবে।
সব ধরণের পাবলিক ডকুমেন্ট যেমন নিকাহ নামা, ম্যারেজ সার্টিফিকেট, জন্ম সনদ এবং ট্রেড লাইসেন্স অবশ্যই সংশ্লিষ্ট অফিস থেকে ইস্যু হতে হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিগালাইজড হতে হবে। তারপর সেগুলো স্প্যানিশ ভাষায় অনুবাদ করতে হবে।
১৮ বছরের নিচে কেউ যদি তার পিতামাতার বাদে অন্য কারো সাথে ভ্রমণ করেন বা ভিসার জন্য আবেদন করেন, তাহলে অবশ্যই তার পিতামাতার কাছ থেকে অনাপত্তি পত্র নিতে হবে এবং সেটা স্প্যানিশ ভাষায় অনুবাদ করে জমা দিতে হবে। এই অনাপত্তি পত্র অবশ্যই স্প্যানিশ দূতাবাসে ভিসা অফিসারের সামনে সাক্ষর করতে হবে।
বয়স ১৮ বছরের নিচে হলে, ভিসার আবেদন পত্র অবশ্যই পিতা-মাতা উভয় কর্তৃক সাক্ষরিত হতে হবে। পিতা এবং মাতার পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপিও ঐ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
